৯। রেপ........ ।। অনেকদিন আগে অশোক একটা চিঠি পেয়ে ভারী অবাক হয়েছিল । চিঠিটার মূল বক্তব্য ছিল , মাননীয় সুপ্রীম কোর্ট ১৩। ০৮। ১৯৯৭ এর বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান সরকার ও অন্যান্যদের মামলায় যে নির্দেশিকা জারি করেছেন তার ভিত্তিতে একটা কমিটি গঠন করা হল , যে কমিটির প্রিসাইডিং অফিসার , মেম্বার কনভেনার , একজন মহিলা ডাক্তার আর দুর্গাপুর কোর্টের একজন মহিলা উকিল হলেন চার মহিলা সদস্য । আর বাকি দুই পুরুষ সদস্যের সে একজন । সেই চিঠিতে যৌন নির্যাতনের ব্যাখা আছে । সুপ্রিম কোর্টের ঐ রায় রাজস্থানের এক সোশ্যাল ওয়ার্কারের নৃশংস গণধর্ষণের প্রেক্ষিতে দেওয়া । যাতে কাজের জায়গাতে মেয়েরা সুরক্ষিত থাকতে পারে। অশোক নিজের নাম ঐ চিঠিতে দেখে অবাক হয় । ধর্ষণ কথাটা এসেছে ধৃষ্ ধাতু থেকে। যার সাধারণ মানে হিংসা । নারীর প্রতি যেকোনো হিংসা নির্যাতনই তো ধর্ষণ । মহিলা এবং যৌন নির্যাতনের ব্যাপারে তার নাম কি করে থাকে ভেবে তার আশ্চর্য্য লাগে । তার ডিপার্টমেন্টে মহিলা রয়েছেন । কাজ ছাড়া তার বাইরে যে মেয়েদের সঙ্গে মেশা যায় সে ওসব স্বপ্নেও ভাবতে পারে না । কাজের ক্ষেত্রে হলেও মেয়েদের সম্পর্কে সে যথেষ্ট শক্ত । ...